আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। আগে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড, ফলে সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
ফিন অ্যালেন তৃতীয় ওভারেই আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে নিউজিল্যান্ডের টপ অর্ডার। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫২। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে কিউইরা।
১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৮। ওপেনার টিম সাইফার্ট ২৬ বলে ৫২ রান করে লড়াইয়ের চেষ্টা করেন, মিচেল স্যান্টনার করেন ৪৩ রান। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রিত বুমরা। তিনি একাই নেন ৪ উইকেট। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত এবং তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তারা।
ম্যাচ শেষে বুমরা বলেন, ঘরের মাঠে ফাইনাল জেতাটা তার জন্য বিশেষ অনুভূতি। উইকেট ফ্ল্যাট হলেও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি আনন্দিত।