বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই, মিরপুরে পেস বান্ধব উইকেটের চান হাবিবুল বাশার

শুরু হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটের নতুন উত্তেজনা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে উইকেট সাধারণত পেস বোলিংয়ের জন্য সহায়ক থাকে। সেই বিষয়টি মাথায় রেখে এখন থেকেই পেস বান্ধব কন্ডিশনে খেলার প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল।

এরই ধারাবাহিকতায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা দীর্ঘদিন ধরেই স্পিন সহায়ক উইকেট হিসেবে পরিচিত। তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, মিরপুরেও চাইলে পেস সহায়ক কন্ডিশন তৈরি করা সম্ভব।

বাশার বলেন, বিশ্বকাপ যখন দক্ষিণ আফ্রিকায়, তখন সেই কন্ডিশনের কথা ভেবেই প্রস্তুতি নেওয়া উচিত। তার মতে, মিরপুরের উইকেটে কিছুটা সময় দিয়ে ঘাস রাখা হলে সিমিং কন্ডিশন তৈরি করা সম্ভব, যা পেসারদের জন্য সহায়ক হবে।

তিনি আরও বলেন, সাধারণত উপমহাদেশের বাইরে থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো দল এলে স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয়। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে পেস বান্ধব উইকেট তৈরির দিকেই নজর দেওয়া উচিত।

নির্বাচকদের ঘোষিত স্কোয়াড দেখেও বাশার মনে করছেন, পেস সহায়ক কন্ডিশনের কথাই ভাবা হচ্ছে। তার মতে, সামনে যেসব সিরিজ হবে, বিশেষ করে ঘরের মাঠে, সেখানে জয়ের লক্ষ্য রাখার পাশাপাশি বিশ্বকাপের কন্ডিশনের দিকটিও বিবেচনায় রাখতে হবে।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান সিরিজ দিয়েই ওয়ানডে দলে ঘুরে দাঁড়ানোর শুরু হবে। সাম্প্রতিক পারফরম্যান্স দলের সামর্থ্যের প্রতিফলন নয় উল্লেখ করে বাশার বলেন, সামনে বিশ্বকাপ থাকায় এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই; এই সিরিজ থেকেই নতুন করে শুরু করতে হবে বাংলাদেশকে।

Back to top button