এখন থেকে ৭ নম্বরে ব্যাটিং করবেন মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওপেনিং থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত প্রায় সব পজিশনেই ব্যাট করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন আট নম্বরে, যেখানে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। বিভিন্ন সময় দলের প্রয়োজনে তাঁর ব্যাটিং অর্ডার বদলানো হয়েছে।
এক বছর ধরে ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। তবে এতদিন তাঁর নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন ছিল না। সর্বশেষ পাঁচ ম্যাচেই তিনি তিনটি ভিন্ন জায়গায় ব্যাট করেছেন। তবে এবার নিজের জন্য নির্দিষ্ট একটি ভূমিকা ঠিক করেছেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, এখন থেকে তিনি সাত নম্বরে ব্যাট করতে চান। তাঁর মতে, এই পজিশন থেকেই তিনি দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন।
মিরাজ বলেন, দীর্ঘদিন আট ও নয় নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা আছে তাঁর এবং বোলারদের সঙ্গে জুটি গড়ে অনেক ম্যাচ জেতানোর অভিজ্ঞতাও রয়েছে। তাই সাত নম্বরে নামলে দল আরও বেশি সুবিধা পাবে বলে মনে করেন তিনি।
পাকিস্তান সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। প্রস্তুতি ম্যাচে লিটন দাসকে পাঁচ নম্বরে এবং আফিফ হোসেনকে ছয় নম্বরে খেলানোর চেষ্টা করা হয়েছে। টপ অর্ডারের পর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ওপর ভরসা রাখতে চায় দল।
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দলকে স্থিতিশীল করতে চান মিরাজ। তাঁর মতে, খেলোয়াড়দের নির্দিষ্ট পজিশনে বেশি সুযোগ দিলে অভিজ্ঞতা বাড়বে এবং দলীয় বোঝাপড়াও শক্ত হবে।