বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান পাকিস্তান কোচ

আগামী ১১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান দলের হেড কোচ মাইক হেসন জানিয়েছেন, তার দল আগের হারের প্রতিশোধ নিতে চাইছে।
সোমবার সংবাদ সম্মেলনে হেসন বলেন, “হ্যাঁ, আমরা ৩-০ ব্যবধানে জিততে পারি। তবে বাংলাদেশকে তাদের কন্ডিশনের জন্য সম্মান করি।”
গত বছর বাংলাদেশের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে হেরেছিল। হেসন সেই সিরিজের উইকেটের তুলনা করে বলেন, “এবারের পিচ আগের চেয়ে অনেক ভালো। ব্যাটিং এবং বোলিং উভয়ই চ্যালেঞ্জের মুখে পড়বে। উইকেট এবং ঘাসের মানও উন্নত হয়েছে, যা দুই দলের জন্যই সুবিধাজনক।”
এই সফরে পাকিস্তান স্কোয়াডে ৬ জন নতুন খেলোয়াড় রয়েছেন, যারা এখনও আন্তর্জাতিক অভিষেক পাননি। হেসন বলেন, “নতুন খেলোয়াড়রা ‘শাহীনস’-এ ভালো করেছে এবং তাদের আন্তর্জাতিক স্তরে সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সাথে দ্রুত মানিয়ে নেওয়া।”
হেসন আরও যোগ করেন, “আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজ অসাধারণ ছিল। এই সিরিজেও কিছু নতুন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”